সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা ঘরানার চলচ্চিত্র ‘দম’ আসছে ঈদুল ফিতরে। মুক্তির আগেই সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে একটি নতুন পোস্টার প্রকাশের মধ্য দিয়ে, যা দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি করেছে। গত রোববার দুপুর ১টায় প্রকাশিত এই পোস্টারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে প্রশংসার ঝড়।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র আফরান নিশোর আহত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ মুখচ্ছবি। এর পটভূমিতে গাধার পিঠে বসা এক ব্যক্তি এবং তার পেছনে অস্ত্রধারী বহু মানুষের উপস্থিতি সিনেমার গল্প সম্পর্কে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। পোস্টারটি প্রকাশের পরপরই ভক্তদের নানা মন্তব্যে ভরে উঠেছে সামাজিক মাধ্যম, যেখানে ‘পুরাই আগুন’, ‘নিশো মানেই আগুন’, ‘এবার ঈদে দম নিয়েই দম দেখতে হবে’—এমন সব উচ্ছ্বসিত প্রতিক্রিয়া চোখে পড়ছে।
‘দম’ চলচ্চিত্রে আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। নির্মাতা রেদওয়ান রনি জানান, এই ছবিটি একজন সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প। তার ভাষায়, “‘দম’ হলো সাধারণ একজন মানুষের জ্বলে ওঠার গল্প। বলা যায়, ‘পাওয়ার অব অ্যা কমন ম্যান’। এটা শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন।”
‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইন নিয়ে মুক্তি পেতে যাওয়া এই চলচ্চিত্রটি কেবল একটি বাণিজ্যিক সিনেমা নয়, বরং মানবিক সাহস ও প্রতিরোধের এক শক্তিশালী উপাখ্যান, এমনটাই মনে করছেন নির্মাণ সংশ্লিষ্টরা। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এই সিনেমার সহ-প্রযোজনায় রয়েছে চরকি।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, পোস্টার প্রকাশের মাধ্যমে ‘দম’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, সামনে দর্শকদের জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে। চলচ্চিত্রটির চিত্রনাট্যে নির্মাতা রনির সঙ্গে যুক্ত ছিলেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।
রিপোর্টারের নাম 





















