দৈনন্দিন জীবনের টানাপোড়েন, স্বপ্ন আর আপোষের এক মর্মস্পর্শী কাহিনি নিয়ে আসছে বিশেষ নাটক ‘থাকে তবু ভালোবাসা’। আগামী ৭ মার্চ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রচার হবে এস এম সেলিমের পরিচালনায় এই নাটকটি। মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্র তুলে ধরতে এম এস রানা রচনা করেছেন নাটকটির গল্প ও চিত্রনাট্য, আর প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা।
নাটকের কাহিনি আবর্তিত হয়েছে সরোয়ার, সায়না ও তাদের একমাত্র মেয়ে নাবিহাকে নিয়ে গড়া একটি পরিবারকে কেন্দ্র করে। স্বল্প বেতনের চাকরিজীবী সরোয়ারের আয়ে চলে তাদের সংসার। নিত্যদিনের খরচ মেটাতে গিয়ে প্রায়শই হিমশিম খেতে হয় তাকে। মাস কয়েক আগে ধারদেনা করে একটি মোটরসাইকেল কিনেছিল সরোয়ার, যার পুরো টাকা এখনও শোধ হয়নি। এমন আর্থিক সংকটের মধ্যেই প্রতিবেশীদের কথায় প্রভাবিত হয়ে সায়না আবদার করে বসে বাসায় একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) লাগানোর। এই নিয়ে শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য।
স্ত্রীর মুখে হাসি ফোটাতে একপর্যায়ে এসি কেনার সিদ্ধান্ত নেয় সরোয়ার। কিন্তু টাকা জোগাড় করতে গিয়ে সে এক মারাত্মক ভুল করে বসে—অফিসের টাকা না বলে খরচ করে ফেলে। এই ঘটনাই তাদের সাধারণ জীবনে ডেকে আনে চরম বিপত্তি, যা নাটকটিকে এগিয়ে নিয়ে যায় এক অপ্রত্যাশিত নাটকীয়তার দিকে।
নাটকে সরোয়ার চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সায়না চরিত্রে নাবিলা ইসলাম এবং তাদের মেয়ে নাবিহা চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী নাবিহা রানা ইরাকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, অরণ্য বিজয়, মোশারফ হোসেন ও মনির হোসেন অনিক।
‘থাকে তবু ভালোবাসা’ শিরোনামের এই নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। এতে সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন সেনিজ।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা এস এম সেলিম বলেন, “আমরা সবাই মিলে একটি সুন্দর গল্প বলার চেষ্টা করেছি। এই নাটক দর্শকদের যতটা আনন্দ দেবে, ততটাই তাদের ভাবিয়ে তুলবে বলে আমার বিশ্বাস। দর্শকদের ভালো লাগলেই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা সার্থক হবে।” প্রযোজক আফরোজা সুলতানা জানিয়েছেন, নাটকটি মধ্যবিত্ত জীবনের এক বাস্তব প্রতিচ্ছবি যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
রিপোর্টারের নাম 
























