অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা এই মামলায় আসামি করা হয়েছে জাহের আলভী, তাঁর মা নাসরিন সুলতানা শিউলি এবং অভিনেত্রী ইফফাত আরা তিথিকে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে এই প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রবিবার এজাহার গ্রহণ করে উল্লিখিত আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) সাইফুল ইসলাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভীর স্ত্রী ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে আলভী, তাঁর মা নাসরিন সুলতানা শিউলি এবং অভিনেত্রী ইফফাত আরা তিথির বিরুদ্ধে।
গত ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসায় ইকরা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছিল। ঘটনার সময় স্বামী জাহের আলভী শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন।
স্ত্রীর মৃত্যুর খবর শুনে জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, নেপালে শুটিংয়ে থাকাকালীন স্ত্রীর মৃত্যুর খবর পান এবং এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান, এই কঠিন সময়ে কোনো বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে এবং পরিবারের প্রতি সহানুভূতিশীল হতে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত কার্যক্রম শুরু করেছে। মামলার পরবর্তী অগ্রগতি তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























