লেবাননের ভূখণ্ড ব্যবহার করে রাষ্ট্রীয় কাঠামোর বাইরে যেকোনো ধরনের সামরিক বা নিরাপত্তা অভিযান পরিচালনার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছেন, এখন থেকে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এবং সংগঠনটি কেবল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, লেবাননের মাটি ব্যবহার করে কোনো পক্ষই দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী তৎপরতা চালাতে পারবে না। এই ঘোষণার মধ্য দিয়ে হিজবুল্লাহকে তাদের দীর্ঘদিনের সামরিক ভূমিকা থেকে সরে এসে শুধুমাত্র রাজনৈতিক ধারায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
নাওয়াফ সালাম আরও বলেন, ‘লেবাননের ভূখণ্ড থেকে যেকোনো ধরনের হামলা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ এই পদক্ষেপকে লেবাননের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা এবং আঞ্চলিক সংঘাত থেকে দেশকে দূরে রাখার একটি দৃঢ় প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সরকারি এই ঘোষণা লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহর ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















