পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে দর্শকদের জন্য বিনোদনের পসরা সাজাচ্ছে চ্যানেল আই। আট দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। এর মধ্যে অন্যতম হলো গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত, আফরান নিশো অভিনীত ও শিহাব শাহীন পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দাগি’। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় এই সিনেমাটির বিশ্ব টেলিভিশন প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল এই চলচ্চিত্রটি। দীর্ঘ অপেক্ষার পর এবার দর্শক ঘরে বসেই উপভোগ করতে পারবেন নিশো-তমা মির্জা জুটির এই বিশেষ সিনেমাটি।
‘দাগি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে নিশান নামের এক যুবককে ঘিরে, যে ১৫ বছর কারাভোগের পর মুক্তি পায়। কিন্তু তার অন্ধকার অতীত তাকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে। একসময় চোরাচালানের জগতে জড়িয়ে পড়া নিশান ঘরে ফিরে দেখে জীবন তাকে ছাড়াই অনেক দূর এগিয়ে গেছে। নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করলেও এক পুরনো পরিচিত তার সামনে এসে দাঁড়ায়, তাকে আবার সেই অন্ধকার জগতে টেনে নিয়ে যেতে চায়, যেখান থেকে নিশান চিরতরে বেরিয়ে আসতে চেয়েছিল। নিশান কি পারবে তার অতীতকে পেছনে ফেলে নতুন জীবন শুরু করতে? জানতে হলে দেখতে হবে ‘দাগি’।
সিনেমাটিতে নিশান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার বিপরীতে আছেন তমা মির্জা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন এবং পরিচালনা করেছেন শিহাব শাহীন।
রিপোর্টারের নাম 























