বরাবরের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে যুক্ত হয়েছে বিদেশিদের নিয়ে আকর্ষণীয় একটি পর্ব। দীর্ঘ প্রায় তিন দশক ধরে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা এই পর্বটি এবারও দর্শকদের জন্য নিয়ে আসছে এক ভিন্ন অভিজ্ঞতা। জাপান, ইতালি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক বিদেশি নাগরিকের অংশগ্রহণে এবারের ইত্যাদির এই বিশেষ পর্বটি শুধু বিনোদনই নয়, সমাজের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তাও বহন করবে।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ তার ঈদ আয়োজনে বিদেশিদের অংশগ্রহণে একটি বিশেষ পর্ব উপহার দিয়ে আসছে। উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় এই পর্বে বিদেশিরা বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করে তুলে ধরেন গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন সামাজিক অসঙ্গতি, সমস্যা এবং লোকজ সংস্কৃতি ও খেলাধুলা। একটি শিক্ষামূলক বার্তার মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘটে, যা দর্শকদের সচেতন করতে ভূমিকা রাখে।
ঢাকায় বসবাসরত বহু বিদেশি নাগরিকের কাছে হানিফ সংকেত এবং ‘ইত্যাদি’ অত্যন্ত প্রিয় দুটি নাম। তারা কেবল নিজেরাই এই পর্বে অংশ নিতে আগ্রহী নন, বরং তাদের বন্ধু-বান্ধব ও নতুন সহকর্মীদেরও এতে উৎসাহিত করেন। তাদের মতে, এটি তাদের জীবনে এক নতুন অভিজ্ঞতা এবং অন্যরকম আনন্দ দেয়। অনুষ্ঠানে অংশগ্রহণের পর যখন দর্শকরা তাদের চিনতে পারেন এবং তাদের করা চরিত্র নিয়ে প্রশংসা করেন, তখন এই স্বল্প সময়ের পরিচিতি তাদের বিস্মিত ও আনন্দিত করে তোলে।
এবারের পর্বে জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশত নাগরিক অংশ নিয়েছেন। তারা বাংলাদেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
বর্তমান সমাজে আত্মস্বার্থ ও ব্যক্তি লোভ কীভাবে মানুষের মানবিক গুণাবলী কেড়ে নিচ্ছে, সুবিধাবাদী ও দ্বিমুখী স্বভাবের মানুষ কীভাবে দেশ, জাতি ও সমাজের শত্রু হয়ে দাঁড়াচ্ছে—এবারের বিদেশিদের পর্বটি সেদিকেই আলোকপাত করেছে। বরাবরের মতোই এতে রয়েছে একটি বিষয়ভিত্তিক গান ও নৃত্য পরিবেশনা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সংগীত পরিচালনা করেছেন মেহেদী এবং নৃত্য পরিচালনা করেছেন মামুন।
বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে হানিফ সংকেত বলেন, “তারা অপেশাদার হলেও অনেক পেশাদার শিল্পীরও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্য আয়ত্তে আনতে তারা যে পরিমাণ মহড়া দেন, তা অকল্পনীয়। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা এবং আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। মাত্র কয়েকদিনের পরিচয়ে তাদের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি হয়, তা কখনোই ভোলার নয়।” তিনি আশা প্রকাশ করেন যে, প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।
ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ইত্যাদির এই বিশেষ ঈদ আয়োজন। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
রিপোর্টারের নাম 

























