বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সদ্য গঠিত নতুন সরকারের নেতৃত্বেই তাদের জুলাই-আগস্টের আকাঙ্ক্ষা ও দাবি বাস্তবায়ন করা হবে। গণঅভ্যুত্থানের যে শপথ তারা নিয়েছেন, তা থেকে কখনো পিছু হটবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই মাস এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে যে শপথ আমরা নিয়েছি, তার প্রতিক্রিয়া আমাদের মধ্যে সক্রিয়। এই শপথ থেকে আমরা এক চুলও সরবো না। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে দল-বল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ছাত্রদল সভাপতি।
অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক (দপ্তর সম্পাদক) সাইদুর রহমান মিন্টু, কবি নজরুল সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু ও সাইদুর রহমান সাঈদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইরফান আহমদ ফাহিমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন কলেজ শাখার সদস্য সচিব নাজমুল হাসান।
রিপোর্টারের নাম 


















