রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মনিপুর স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি শাখার প্রধান হিসেবে শিক্ষা ক্যাডার থেকে নতুন অধ্যক্ষ ও শাখা প্রধান নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দুটি পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বদলি করে এই কর্মকর্তাদের প্রেষণে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, মাউশিতে ওএসডি থাকা নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুন নাহারকে (২২১১৪) এনসিটিবির বিশেষজ্ঞ হিসেবে এবং হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনকে (৩৬৯০) এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, মাউশিতে ওএসডি থাকা কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক লাল মোহাম্মদকে (১৭০৯৩) আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
এই কর্মকর্তারা আগামী ২৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায়, ওই দিন দুপুরেই তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।
মাউশির আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যমান অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে মূল বিদ্যমান প্রধান শিক্ষক ব্যতীত পাঁচটি শাখার জন্য একজন করে পৃথক শাখা প্রধান স্ব-বেতনে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন: মাউশির ওএসডিতে থাকা হাজারীবাগ সরকারি কলেজে সংযুক্ত বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হালিম (১৭৫৪১) মনিপুর ৬০ ফিট রোডের মূল বালক ক্যাম্পাসের শাখা প্রধান; মাউশির ওএসডিতে থাকা দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম (১৪০৪৩) রূপনগর কলেজ ক্যাম্পাসের শাখা প্রধান; মাউশির ওএসডিতে থাকা টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন (১৭৩৯৬) রূপনগর আবাসিক এলাকার ব্রাঞ্চ-১ ক্যাম্পাসের শাখা প্রধান; মাউশির ওএসডিতে থাকা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ শাহরীয়ার হাসান (১৭০৬৭) ইব্রাহিমপুর ব্রাঞ্চ-২ ক্যাম্পাসের শাখা প্রধান; এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশিকুর রহমান (১৭০৬৭) মনিপুরের মহিলা ক্যাম্পাসের শাখা প্রধান।
রিপোর্টারের নাম 






















