যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদ নির্বাচনে ইসরাইলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ডেমোক্র্যাটিক পার্টির তিন প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে ইসরাইল বিষয়ক দৃষ্টিভঙ্গির উল্লেখযোগ্য পরিবর্তন এবং ফিলিস্তিন প্রশ্নে ক্রমবর্ধমান সমর্থনের ইঙ্গিত বহন করছে।
প্রতিনিধি পরিষদের প্রাইমারিতে জয়ী প্রার্থীরা হলেন ব্র্যাড ল্যান্ডার, ক্লেয়ার ভালদেজ এবং দারিয়ালিজা আভিলা শেভালিয়ার। তারা তাদের নির্বাচনি প্রচারণায় ইসরাইল সরকারের নীতির সমালোচনাকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান হিসেবে তুলে ধরেন। তাদের প্রত্যেককে সমর্থন দিয়েছিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, যিনি ফিলিস্তিনি জনগণের পক্ষে সোচ্চার অবস্থানের জন্য সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে তরুণ ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর পরবর্তী গাজায় ইসরাইলি সামরিক অভিযানের পর এই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। একাধিক জরিপে দেখা গেছে, বর্তমানে ডেমোক্র্যাট ভোটারদের একটি বড় অংশ ইসরাইলিদের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। একটি সাম্প্রতিক জরিপে দেখা যায়, ৬০ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি প্রকাশ করেছেন, যেখানে মাত্র ১৫ শতাংশ ইসরাইলের প্রতি বেশি সমর্থন জানিয়েছেন।
মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, আরও বেশি ডেমোক্র্যাট এখন স্পষ্টভাবে বলছেন যে ইসরাইল সরকারকে মার্কিন করদাতাদের অর্থে নিঃশর্ত সহায়তা দেওয়া উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী কংগ্রেসে ইসরাইলকে ‘স্বয়ংক্রিয় ও নিঃশর্ত সমর্থন’ দেওয়ার প্রবণতা কমে আসবে। নিউইয়র্কের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ছিল ব্রুকলিনের বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান এবং সাবেক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারের মধ্যে। দুজনই নিজেদের উদারপন্থী জায়নিস্ট হিসেবে পরিচয় দিলেও ল্যান্ডার নির্বাচনি প্রচারণায় গোল্ডম্যানকে ইসরাইল বিষয়ে যথেষ্ট সমালোচনামুখর না হওয়ার অভিযোগে আক্রমণ করেন এবং শেষ পর্যন্ত তিনি বড় ব্যবধানে জয় পান। অন্যদিকে, সবচেয়ে বেশি আলোচিত বিজয় অর্জন করেন দারিয়ালিজা আভিলা শেভালিয়ার, যিনি দীর্ঘদিনের কংগ্রেস সদস্য এবং ইসরাইলের দৃঢ় সমর্থক আদ্রিয়ানো এসপাইলাতকে পরাজিত করেন।
রিপোর্টারের নাম 























