চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশভিত্তিক সাংবাদিকতায় দক্ষ করে তুলতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), ইউনিলিভার বাংলাদেশ এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) যৌথ উদ্যোগে পরিচালিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামনে চট্টগ্রাম নগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান চিত্র ও চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশ সাংবাদিকতার মৌলিক ধারণা, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীরা মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, বাসাবাড়িতে বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা, ভাঙারিওয়ালাদের কার্যক্রম এবং তাদের জন্য সরবরাহ করা সুরক্ষা সামগ্রী সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। দেশের অভিজ্ঞ সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞরা কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফ্যাক্টরি ডিরেক্টর এস এম তারেক সাইফুল্লাহ। এছাড়া ইপসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাকে উৎসাহিত করবে। একই সঙ্গে পরিবেশগত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরিতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আগামী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইপসার সহযোগিতায় চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে একটি সমন্বিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এ পর্যন্ত উদ্যোগটির আওতায় ৩৩ হাজার মানুষ উপকৃত হয়েছে।
রিপোর্টারের নাম 
























