মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জেরে তেহরান এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল স্থগিত করা হয়েছে। আইআরজিসি’র পক্ষ থেকে এই পানিপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ইতোমধ্যে ফিরে যাওয়ার বা বিকল্প পথ ব্যবহারের বার্তা দেওয়া হচ্ছে।
ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে হরমুজ প্রণালিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচনা করা হয়। ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালিটি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট উৎপাদিত তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ বা এক-পঞ্চমাংশ এই রুট দিয়েই গন্তব্যে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব হিসেবেই এই কৌশলগত অবস্থান নেওয়া হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 
























