দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অষ্টম শ্রেণি ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সম্প্রতি প্রকাশিত ফলাফলে এই প্রতিষ্ঠান থেকে মোট ২৬১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, যা তাদেরকে দেশসেরা প্রতিষ্ঠানের কাতারে নিয়ে এসেছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় তা’মীরুল মিল্লাতের তিনটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এই গৌরব অর্জন করে। গত বুধবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাস (ঢাকা) থেকে ১১১ জন, টঙ্গী ক্যাম্পাস থেকে ৮০ জন এবং মহিলা ক্যাম্পাস থেকে ৭০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এই সম্মিলিত সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষাদান পদ্ধতির কার্যকারিতা ও শিক্ষার্থীদের মেধার স্বাক্ষর বহন করে।
তা’মীরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুফতি খলিলুর রহমান মাদানী এই অসাধারণ সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ট্রাস্ট, গভর্নিং বডি, শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং সফল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান। অধ্যক্ষ বলেন, “এই সাফল্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক দোয়ার ফল। আমরা আশা করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব এবং দেশের শিক্ষা কার্যক্রমে আমাদের অবদান অব্যাহত থাকবে।”
মাদ্রাসার পরিচালনা পরিষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিক দোয়া ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এই কৃতিত্বপূর্ণ ফলাফল দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় তা’মীরুল মিল্লাতের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
রিপোর্টারের নাম 





















