বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা মো. আলী হোসেন ফকির। ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাটের সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম অনার্স, এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
কর্মজীবনে মো. আলী হোসেন ফকির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স এবং ডিআইজি এসপিবিএন হিসেবে তাঁর ভূমিকা। এছাড়াও তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার, নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার, সিলেটের কমান্ড্যান্ট আরআরএফ এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন মো. আলী হোসেন ফকির। তিনি দক্ষতার সঙ্গে কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সরকারি কাজে তিনি যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের একজন সম্মানিত সদস্য। এছাড়াও, ঢাকার এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি হিসেবে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন।
রিপোর্টারের নাম 



















