গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার মানুষকে আসামি করে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এসব মামলার পেছনে একটি ‘সুবিধাবাদী চক্র’ জড়িত এবং সরকার এসব যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ আগস্টের পর এমন অনেক মামলা আমাদের নজরে এসেছে, যেখানে শত শত, হাজার হাজার মানুষকে হয়রানির উদ্দেশ্যে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণি পরিস্থিতিকে ব্যবহার করে এ ধরনের মামলা করেছে।” তিনি দৃঢ় কণ্ঠে জানান, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি কঠোরভাবে বন্ধ করা হবে। এসব মামলা যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত করা হবে।
মামলা প্রত্যাহার সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যা, মাদক, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত গুরুতর মামলাগুলো বাদে অন্য মামলাগুলো প্রত্যাহারের বিষয়টি আমলে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, “আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলাসহ অস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে করা এমন মামলা আমরা যাচাই-বাছাই করে প্রত্যাহারের বিষয়ে আরেকটি উদ্যোগ নিয়েছি।” তবে তিনি সতর্ক করে দেন যে, এই উদ্যোগের যাতে কোনো অপব্যবহার না হয়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
রিপোর্টারের নাম 



















