আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে ‘জঘন্য মিথ্যাচার’ এবং ‘বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন তিনি। প্রসিকিউশনের অপর এক সদস্য বিএম সুলতান মাহমুদ তাজুলের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন, যা গত সোমবার কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়। এর প্রতিবাদে মঙ্গলবার তাজুল ইসলাম গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন।
বিবৃতিতে তাজুল ইসলাম উল্লেখ করেছেন, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনৈক প্রসিকিউটরের বরাত দিয়ে তার বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। তিনি এসব অভিযোগকে ‘জঘন্য মিথ্যাচার, তথ্যপ্রমাণবিহীন’ এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি হিসেবে উল্লেখ করেছেন। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের স্বপক্ষে কেউ কোনো তথ্যপ্রমাণ দেখাতে পারবে না।
তাজুল ইসলাম দাবি করেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তিনি এবং তার প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ। তার মতে, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত এবং চলমান বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি সরাতে একটি মহল সংঘবদ্ধভাবে এই অপপ্রচার চালাচ্ছে, যাতে এই বিচার আর কোনোভাবে অগ্রসর হতে না পারে। তিনি আরও বলেন, তার দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে প্রশ্ন তোলার কোনো সুযোগ কেউ পায়নি। কিন্তু তার বিদায়ের পর একটি বিশেষ মহল গণহত্যাকারীদের সুবিধা দিতে এসব ভিত্তিহীন অভিযোগ তুলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের মিথ্যাচার ও ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 



















