সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি নাইমা হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৮) অনুযায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। রাষ্ট্রপতি তাদের এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
জানা যায়, বিচারপতি মামনুন রহমান গত ২ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। প্রায় এক বছর ধরে ছুটিতে থাকা অবস্থায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র পাঠান। এই পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠানো হয়। সূত্রমতে, বিচারপতি মামনুন রহমান কানাডা থেকে তার পদত্যাগপত্রটি পাঠিয়েছিলেন।
অন্যদিকে, বিচারপতি নাইমা হায়দার গত ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সেসময় জানিয়েছিলেন, বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি নিজ হাতে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগের ইচ্ছা পোষণ করে বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে সেই পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণ করা হয়।
রিপোর্টারের নাম 





















