মাদারীপুরের শিবচর উপজেলায় বিট পুলিশিংয়ের উদ্যোগে আয়োজিত একটি মাদকবিরোধী মতবিনিময় সভায় ছাত্র হত্যা মামলার এক আসামির উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পুলিশের পাশে বসেই সভায় আলোচনায় অংশ নিয়েছেন আজাহার হাওলাদার, যিনি কিনা একটি ছাত্র হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং সম্প্রতি একটি গাড়ি পোড়ানো মামলারও আসামি। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের একজন সদস্য।
গত শনিবার (২৫ জুলাই) বিকেলে কুতুবপুর বাজারে শিবচর থানা পুলিশ এই বিট পুলিশিং সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান এবং বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুর রহমান। স্থানীয়দের তথ্যমতে, সরকারি এই সভায় আজাহার হাওলাদার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামাদ মাদবর সামুসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী কেবল উপস্থিতই ছিলেন না, বরং পুলিশের সঙ্গে পাশাপাশি বসে মতবিনিময় কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নেন।
এই ঘটনায় স্থানীয় বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাকাউল বিল্লাহ বকুল জমাদ্দার বলেন, ‘পুলিশের এই সভার বিষয়ে আমাদের কোনোভাবে জানানো হয়নি। পরে জানতে পারলাম, নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা সেখানে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছাত্র হত্যা মামলার আসামি ও রয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। ‘
কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আজিজুল মোড়ল প্রশ্ন তুলেছেন, যাদের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে এবং যাদের আইনত কারাগারে থাকার কথা, তারা কীভাবে প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মঞ্চে বসে সভা করতে পারেন? তিনি এটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন।
এ বিষয়ে কুতুবপুর বিট অফিসার ও এসআই রিয়াজুর রহমান নিজেদের অনভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা বিট পুলিশিং সভা করেছি ঠিকই, তবে আমরা এলাকায় নতুন দায়িত্বে এসেছি। সভায় উপস্থিত সকলকে আমাদের চেনার সুযোগ হয়নি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টিকে দুঃখজনক বলে স্বীকার করে বলেন, ‘মতবিনিময় সভায় ছাত্র হত্যা মামলার কোনো আসামির উপস্থিতি সত্যিই অত্যন্ত দুঃখজনক। পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান এবং বিট অফিসার রিয়াজুর রহমান—দুজনই থানায় একদম নতুন এসেছেন। তবে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রিপোর্টারের নাম 






















