প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপণের একটি বৃহৎ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজশাহীতে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন করা হয়। এই উদ্যোগটি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।
জাতীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ – এই নির্দেশনা মাথায় রেখে সকল পেশাজীবী সংগঠনের নেতাদের দেশকে এগিয়ে নিতে হবে। তিনি নবগঠিত কমিটিকে স্বাগত জানান।
শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত রাজশাহী জেলা ও মহানগর কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, পেশাজীবী সংগঠনের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে সকলকে ভূমিকা রাখতে হবে। তিনি আরও জানান, রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 























