ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই বড় ধরনের প্রশাসনিক রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের মোট ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা হয়েছে। একটি অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়, যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে বদলি করা কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তারা ওইদিন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বদলিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে কমিশনের পক্ষ থেকে নেওয়া সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রস্তুতি এবং মাঠপর্যায়ে কাজের গতিশীলতা আনতেই এই ব্যাপক রদবদল আনা হয়েছে।
রিপোর্টারের নাম 





















