ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বোকাইনগর ইউনিয়ন তরুণ দলের সভাপতি মুক্তার হোসেন নিহত হয়েছেন। রোববার দুপুরের পর উপজেলার রামগোপালপুর এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মুক্তার হোসেন তার মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকার ‘গাঙচিল রেস্টুরেন্টে’র সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুছরে যায় এবং মুক্তার হোসেন ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে গৌরীপুর থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দীন করিম জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 




















