ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব শপথ গ্রহণের পরদিনই জনবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন। এরই অংশ হিসেবে রোববার সকালে তিনি পূর্ব ঘোষণা ছাড়াই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসক সংকট, অচল যন্ত্রপাতি, খাবার পানির তীব্র সংকটসহ নানা অব্যবস্থাপনার চিত্র দেখতে পান। সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
জানা যায়, জনগণে দেওয়া প্রতিশ্রুতি পূরণে শপথের পরদিনই এলাকায় ফিরে জনগণের সঙ্গে মিশে বিভিন্ন সমস্যার খোঁজখবর নিচ্ছেন নবনির্বাচিত এই জনপ্রতিনিধি। রোববার সকালে তিনি হঠাৎ করেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাদের অভিযোগ ও মতামত শোনেন। পরে কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময়কালে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অরুন কুমার দাস জানান, ৫০ শয্যার এ হাসপাতালটিতে বর্তমানে ১০ জন চিকিৎসক কর্মরত আছেন। এর মধ্যে ৫ জন কনসালটেন্ট, ২ জন দন্ত চিকিৎসক ও ১ জন হোমিও চিকিৎসক রয়েছেন। যদিও বিদ্যমান চিকিৎসক দিয়ে সেবা প্রদান সম্ভব বলে তিনি জানান, তবে ২৪ জন নার্সের বিপরীতে ৩ জনের ঘাটতি রয়েছে। এছাড়াও, ১ জন প্রধান সহকারী ও ১ জন হিসাবরক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।
হাসপাতালের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি হিসেবে যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত ডিজিটাল এক্স-রে মেশিনটি ‘এফপিডি’ নামক একটি যন্ত্রাংশের ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে। একইভাবে, আল্ট্রাসনোগ্রাম মেশিনটিও অকেজো অবস্থায় পড়ে থাকায় রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এমপি। সরকারিভাবে মাত্র ১ জন পরিচ্ছন্নতাকর্মী থাকার কথা থাকলেও, বর্তমানে জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে ১০ জন বেসরকারি পরিচ্ছন্নতাকর্মী কাজ করায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়।
এছাড়াও, হাসপাতালটিতে খাবার পানির তীব্র সংকট রয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধানে একটি গভীর নলক‚প স্থাপন করা হলেও, সাপ্লাই লাইনসহ আনুষঙ্গিক কাজ অসমাপ্ত থাকায় রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন জানান, নলক‚পটির নির্মাণ কাজ শেষ হয়েছে এবং বিদ্যুৎ সংযোগের কাজ বাকি আছে। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে এবং আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংসদ সদস্য মাওলানা আবু তালিব সংশ্লিষ্ট সকলের বক্তব্য ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি শহরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পণ্যের মূল্য, সরবরাহ ও মজুত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করেন। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি সকালে শহরের বিভিন্ন সড়কে একটি প্রভাবশালী মহলের ভ্যান-রিকশা থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধে তাৎক্ষণিক ও দৃঢ় হস্তক্ষেপ করেন নবনির্বাচিত এই জনপ্রতিনিধি। তার এমন দৃঢ় ও জনমুখী অবস্থানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। স্থানীয় জনসাধারণ আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত সংসদ সদস্যের এ ধরনের সক্রিয় ও জনমুখী উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার স্বাস্থ্যসেবাসহ সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
রিপোর্টারের নাম 





















