বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও ওপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ রোববার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, দূষণের দিক থেকে ঢাকার অবস্থান বিশ্বে দ্বিতীয়। অন্যদিকে, পাকিস্তানের লাহোর শহর তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৮ মিনিটের আপডেট অনুযায়ী, ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই (AQI) স্কোর রেকর্ড করা হয়েছে ২৫০। এই মান অনুযায়ী ঢাকার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তালিকায় ৩৯০ স্কোর নিয়ে শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুমান ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। এছাড়া ২১৮ স্কোর নিয়ে ভারতের কলকাতা শহর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে, যার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে।
বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে গণ্য করা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা বিশেষ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সাধারণ মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া বায়ুমান সূচক ৩০১ অতিক্রম করলে তাকে ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
রিপোর্টারের নাম 



















