আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেছেন, জাতির মর্যাদা রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে শ্রমিক জনতাকে সোচ্চার হতে হবে এবং ভাষা আন্দোলনের মূল শিক্ষা রাষ্ট্র ও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, এটি ছিল তৎকালীন বৈষম্যমূলক শাসনব্যবস্থা এবং সাংস্কৃতিক নিপীড়নের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে যে, জাতির সম্মান ও অধিকার রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে আপসহীনভাবে সোচ্চার হতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের ৩৬ জুলাই পর্যন্ত আমাদের ইতিহাসে এক অনন্য অর্জন। জুলাইয়ের চেতনা হলো একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ। এই চেতনা ভূলুণ্ঠিত হলে শহীদদের আত্মত্যাগ বিপন্ন হবে। তাই আমাদের এই জুলাইয়ের শিক্ষাকে ধারণ করতে হবে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
রিপোর্টারের নাম 












