কিশোর অপরাধ দমন এবং সরকারি দপ্তরগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে কঠোর অবস্থান ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাতে অকারণে কোনো কিশোর বাইরে ঘোরাঘুরি করলে তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। একইসঙ্গে দুর্নীতির সঙ্গে আপস না করার ঘোষণা দিয়ে কর্মকর্তাদের এলাকা ছাড়ার আলটিমেটাম দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক শৃঙ্খলা রক্ষায় কিশোরদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো জরুরি। রাতে অযথা বাইরে ঘোরাঘুরি করলে পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আইনি বা সাংবিধানিক জটিলতার প্রশ্ন উঠলে তা পরে বিবেচনা করা হবে বলে তিনি মন্তব্য করেন। মূলত কিশোর অপরাধের লাগাম টানতেই এমন কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন মন্ত্রী।
প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করে এহছানুল হক মিলন বলেন, “আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেব না—এটি আমার দৃঢ় প্রতিজ্ঞা। যারা আমার এই নীতির সঙ্গে একাত্ম হতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান।” তিনি আরও যোগ করেন, কেউ চাইলে তাকে বললে তিনি নিজেই ভালো জায়গায় বদলির ব্যবস্থা করে দেবেন, তবে কর্মস্থলকে কোনোভাবেই কলুষিত করতে দেওয়া হবে না।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 























