টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে ফজলুল হক বাচ্চু নামে এক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। রোববার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এই গ্রেপ্তারের ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মামলার বাদী ও দ্য বাংলাদেশ টুডে পত্রিকার সখীপুর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম নাহিদ অভিযোগ করেছেন, গত ফেব্রুয়ারি মাসে তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সখীপুর-বাটাজোর সড়কের এসডিএস মোড় এলাকায় একটি পুরোনো বাড়ি ক্রয় করেন। এরপর থেকেই ফজলুল হক বাচ্চু তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করলে বাচ্চু ও তার সহযোগীরা সাংবাদিক নাহিদের ওপর হামলা চালায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিক নজরুল ইসলাম নাহিদ তার বাসার সামনে দোকানের শাটারের কাজ করাচ্ছিলেন। এ সময় ফজলুল হক বাচ্চুর নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালিয়ে তাকে, তার স্ত্রী ও সন্তানদের মারধর করে। হামলায় নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই ঘটনার পরদিন নজরুল ইসলাম নাহিদ বাদী হয়ে সখীপুর থানায় ফজলুল হক বাচ্চুসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর থেকে বাচ্চু পলাতক ছিলেন। প্রায় ১৪ দিন পর র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন গ্রেপ্তার নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে এর আগেও ৭ থেকে ৮টি মামলা রয়েছে।
রিপোর্টারের নাম 























