কুমিল্লার তিতাস উপজেলার নতুন ভাটেরারচরে চর দখলকে কেন্দ্র করে তিতাস ও মেঘনা উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত কোহিনুর (৪৫) মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী। সংঘর্ষ চলাকালে তার গলায় টেটা বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড়ে জেগে ওঠা একটি চর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিতাস এবং মেঘনা উপজেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও একাধিকবার টেটাযুদ্ধ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার বিকেলে মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৌকাযোগে নতুন ভাটেরারচর গ্রামে লুটপাট ও ভাঙচুর করে বলে স্থানীয়দের দাবি। এর প্রতিবাদে তিতাস উপজেলার বাসিন্দারা এগিয়ে এলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই টেটাযুদ্ধে কোহিনুর নিহত হন। খবর পেয়ে তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দারা যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
রিপোর্টারের নাম 
























