স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে আইফোন নিঃসন্দেহে একটি জনপ্রিয় ও মূল্যবান ডিভাইস। তবে সামান্য একটি ভুল আপনার শখের লাখ টাকার আইফোনটিকে অকেজো করে দিতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আইফোন চার্জ করার সময় অন্য স্মার্টফোনের, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ব্যবহার করলে দীর্ঘমেয়াদে ডিভাইসের মারাত্মক ক্ষতির ঝুঁকি থাকে। এই অসাবধানতা আপনার আইফোনের ব্যাটারি থেকে শুরু করে মাদারবোর্ড পর্যন্ত বিভিন্ন জটিল সমস্যার জন্ম দিতে পারে।
গ্যাজেট বিশ্লেষকদের দাবি, নিয়মিত অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ব্যবহার করলে আইফোনের ব্যাটারি দ্রুত দুর্বল হয়ে পড়ে। এর প্রধান কারণ হলো, বিভিন্ন ডিভাইসের চার্জারের ভোল্টেজ ও ওয়াটেজ ভিন্ন ভিন্ন হয়। অনেক অ্যান্ড্রয়েড চার্জার ৯, ১২ বা এমনকি ২০ ভোল্ট পর্যন্ত শক্তি সরবরাহ করে, যেখানে আইফোনের জন্য সাধারণত একটি নির্দিষ্ট ও তুলনামূলক কম ভোল্টেজ উপযোগী। ভোল্ট ও ওয়াট দুটি আলাদা বিষয়, এ দুটিকে গুলিয়ে ফেললে ভুল সিদ্ধান্ত হতে পারে, যা ডিভাইসের জন্য মারাত্মক ক্ষতিকর।
এছাড়াও, অ্যাপলের নিজস্ব চার্জারে একটি বিশেষ নিরাপত্তা যাচাইকরণ ব্যবস্থা থাকে, যা অন্য চার্জারে অনুপস্থিত থাকতে পারে। দীর্ঘদিন ধরে ভুল বা অসঙ্গতিপূর্ণ চার্জার ব্যবহার করলে শুধু ব্যাটারিই ক্ষতিগ্রস্ত হয় না, বরং ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া, চার্জিং পোর্টে সমস্যা, এমনকি মাদারবোর্ডের মতো জটিল ত্রুটিও দেখা দিতে পারে। যদিও এক-দু’দিনের ব্যবহারে তাৎক্ষণিক বড় ক্ষতি না হলেও, মাসের পর মাস ভুল চার্জার ব্যবহারে ডিভাইসের স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিতেও আইফোন এবং অন্যান্য সাধারণ ডিভাইসের মধ্যে পার্থক্য বিদ্যমান। আইফোনের জন্য ব্যবহৃত বিশেষ চৌম্বক-ভিত্তিক চার্জিং ব্যবস্থায় চার্জারটি ফোনের পেছনে স্বয়ংক্রিয়ভাবে সঠিক স্থানে বসে যায়, ফলে চার্জ শুরু করতে ব্যবহারকারীকে আলাদা করে সেট করার প্রয়োজন হয় না। অন্যদিকে, অনেক সাধারণ ওয়্যারলেস চার্জারে ফোন ঠিকভাবে বসানো না হলে চার্জ শুরুই হয় না। এক্ষেত্রে ব্যবহারকারীকে ফোন ঘুরিয়ে বা সরিয়ে সঠিক অবস্থান খুঁজে বের করতে হয়, যা একদিকে যেমন অসুবিধাজনক, তেমনি চার্জিং দক্ষতাও কমায়। তাই আপনার মূল্যবান আইফোনের দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য সবসময় সঠিক ও সঙ্গতিপূর্ণ চার্জার ব্যবহার করা অপরিহার্য।
রিপোর্টারের নাম 

























