ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো: আব্দুল খালেক (৬৫) নামে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অবস্থায় তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছিল।
পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে আব্দুল খালেক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আব্দুল্লাহসহ কয়েকজন কারারক্ষী তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ১৭ মিনিটে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য আব্দুল খালেকের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা তাৎক্ষণিকভাবে মৃত আব্দুল খালেক কোন মামলায় কারাবন্দী ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি। তারা জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। মৃত আব্দুল খালেকের বাবার নাম মৃত কফিল উদ্দিন।
রিপোর্টারের নাম 

























