রাজধানীর লালবাগের আজিমপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন (৬০) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে আজিমপুর এতিমখানার বিপরীত পাশে তার রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে আজিমপুর এতিমখানার উল্টো দিকে এ দুর্ঘটনা ঘটে। আমজাদ হোসেন রাতে ফার্মগেটের বাসা থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে চালানোর জন্য বের হয়েছিলেন।
নিহত আমজাদের ছেলে সাকিব হোসেন জানান, তার বাবা রিকশা নিয়ে বের হওয়ার পর আজিমপুর এলাকায় রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। ঠিক সে সময়ই পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে তার বাবাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত আমজাদকে উদ্ধার করে সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত আমজাদ হোসেন ঢাকা দোহার থানার জৈনকি গ্রামের মৃত শেখ ধলা মিয়ার ছেলে। তিনি বর্তমানে ফার্মগেট তেজকুনি পাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং দুই ছেলে সন্তানের জনক ছিলেন।
রিপোর্টারের নাম 





















