জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে জন্ম তারিখসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন মাঠ পর্যায়ের পরিবর্তে সরাসরি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করা হবে। নতুন জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এনআইডি উইংয়ের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে জমে থাকা বিপুলসংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই জরুরি পদক্ষেপ নিয়েছে ইসি। এর মাধ্যমে নাগরিক সেবা সচল রাখা এবং অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত সময়ে নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই আবেদনগুলো এখন ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত হবে এবং সরাসরি এনআইডি মহাপরিচালকের অধীনে চলে আসবে। ফলে এসব আবেদন দ্রুততার সঙ্গে মহাপরিচালক পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হবে।
ইসি কর্তৃক জারি করা জরুরি তিন নির্দেশনা নিচে তুলে ধরা হলো:
১. জন্ম তারিখ সংক্রান্ত যেসব আবেদন পূর্বে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর একটি বিস্তারিত তালিকা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।
২. তালিকা প্রাপ্তির পর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে সেগুলোকে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।
৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর কারণে সংশোধন কার্যক্রম সীমিত ছিল। বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















