বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে রমজানের প্রথম দিন থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর মাধ্যমে সিএনজি স্টেশন বন্ধের সময়সীমা পূর্বের চেয়ে তিন ঘণ্টা বাড়ানো হলো।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এই নির্দেশনা জারি করা হয়। এর আগে, সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হতো। নতুন নির্দেশনার ফলে এখন মোট ৬ ঘণ্টা স্টেশনগুলো বন্ধ থাকবে।
তবে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং যানবাহনে জ্বালানি সরবরাহের সুবিধার্থে আগামী ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশের সব সিএনজি/ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের পর ২৬ মার্চ থেকে পুনরায় পূর্বের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ রাখতে হবে।
রিপোর্টারের নাম 





















