স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল ঘোষণা দিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, ভবিষ্যতে মানুষকে আর ডাক্তারের পেছনে ছুটতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ছুটবেন।
শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাসভবনে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মানসিকতা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তাদের এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী আরও বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, উভয় পক্ষের প্রতিই সরকারের সমান দায়বদ্ধতা রয়েছে। সব প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন, সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং জানান, দেশের যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই নতুন মেডিকেল কলেজ করা হবে। তিনি নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠান এখনও চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর জন্য কাজ করার অঙ্গীকার করেন। এছাড়াও, নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট আনার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
এর আগে সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল নিজ বাড়িতে পৌঁছালে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















