মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি এই শ্রদ্ধা নিবেদন করবেন।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এবং জননিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
র্যাব মহাপরিচালক জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি বা হুমকির তথ্য নেই। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় অন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এরই মধ্যে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পুরো এলাকায় প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। এছাড়া ভিভিআইপি, ভিআইপি এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 





















