উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ মার্চ থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ সময়ের মধ্যে যারা ফরম পূরণ করতে পারবেন না, তাদের জন্য বিলম্ব ফি সহ ফরম পূরণের সুযোগ থাকবে। এই সময়সীমা ১১ মার্চ থেকে শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত চলবে। সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখও ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরাই ফরম পূরণের জন্য আবেদন করতে পারবেন। কোনো পরীক্ষার্থী যদি তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নেন, তবে সে বিষয় বা বিষয়গুলোর পরীক্ষা কোনো প্রকার যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে।
তবে, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিক প্রতিবন্ধী বা সেরিব্রাল পালসি আক্রান্ত বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম শিথিল করা হয়েছে। এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় আরও ভালো ফল অর্জনের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বিষয় ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারবে। তবে, এই মডেল টেস্ট অংশগ্রহণ কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য কোনো অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না।
রিপোর্টারের নাম 
























