গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি সরকারের সংশ্লিষ্ট মহল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং গণমাধ্যমের প্রধানদের প্রতি কারো ওপর জুলুম না করার এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য কাজ করার অনুরোধ জানিয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এটিকে গণমাধ্যমের জন্য একটি “কালো দিন” হিসেবে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং এখন টেলিভিশনের মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন, মোহাম্মদ আজহারুজ্জামান—এই পাঁচজন সাংবাদিককে চাকরিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়েছে।
ঘটনার বিবরণ তুলে ধরে তিনি জানান, এই সাংবাদিকদের কাউকে জোরপূর্বক অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, আবার কাউকে কাউকে অফিস প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। ডাকসু ভিপি প্রশ্ন তোলেন, এটাই কি নতুন সরকারের প্রথম কার্যদিবসে গণমাধ্যমের জন্য বিশেষ পুরস্কার? তিনি অভিযোগ করেন, এই সাংবাদিকদের অপরাধ হলো “জুলাইয়ের পক্ষে থাকা” এবং “জুলাইকে ধারণ করা”।
সাদিক কায়েম আরও উল্লেখ করেন যে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে “চব্বিশের জুলাই বিপ্লবে নয় দফা প্রচারে” এই সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। “জুলাইপন্থী সাংবাদিক” হওয়ার কারণেই তাদের আজ হয়রানির শিকার হতে হচ্ছে এবং গণহারে চাকরিচ্যুত করা হচ্ছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রিপোর্টারের নাম 






















