পবিত্র মাহে রমজানের আগমনকে কেন্দ্র করে আনন্দ মিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সিয়াম সাধনার মাসকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বর্ণাঢ্য এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চাকসু ভবনের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিছিল পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ‘দুর্নিবার শিল্পীগোষ্ঠী’র সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য ফুটিয়ে তোলা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম এবং সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন। এ সময় তারা রমজান মাসের পবিত্রতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং মুসলিম উম্মাহর প্রতি সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
আয়োজন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজহার উল ইসলাম বলেন, “পবিত্র রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়, কারণ এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষায় সবার মাঝে সচেতনতা বৃদ্ধি এবং এই মাসকে যথাযথ মর্যাদায় স্বাগত জানাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
রিপোর্টারের নাম 






















