## নতুন সরকারের প্রতি শাবির উপাচার্যের উষ্ণ অভিনন্দন
নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর মন্ত্রীসভার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে সরকার গঠন করায় তিনি এই অভিনন্দন জানান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রেরিত এক অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নবগঠিত সরকার গঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি এবং গণতন্ত্রের এক নতুন যুগে প্রবেশ করবে।
উপাচার্য আরও বলেন, নতুন সরকারের অধীনে দেশের শিক্ষা ও গবেষণা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এর ফলে শাবিপ্রবি সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের পর্যায়ে উন্নীত হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি, জনগণের হারানো ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন আরও সুসংহত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গতকাল (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
রিপোর্টারের নাম 






















