ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশ বাহিনী তাদের সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে পুলিশ তার হারানো ভাবমূর্তি ও গৌরব পুনরুদ্ধার করতে পেরেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সাম্প্রতিক নির্বাচনে আপনারা যে নিরপেক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। জনগণের আস্থা অর্জনের এই ধারা বজায় রাখতে হবে। আগামী দিনগুলোতে পুলিশের এই উজ্জ্বল ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করার কঠোর নির্দেশনা দেন তিনি।
সভায় আসন্ন রমজান ও সমসাময়িক নিরাপত্তা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, রমজান মাসে ইফতারের আগে সড়কে যানবাহনের চাপ বহুগুণ বেড়ে যায়। সাধারণ মানুষ যাতে সময়মতো পরিবারের সাথে ইফতার করতে পারে, সেজন্য ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে যানজট নিরসনে রাজপথে সক্রিয় থাকতে হবে। একইসঙ্গে তিনি নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে বইমেলার মতো গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে। এসব অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া পবিত্র রমজানে তারাবির নামাজের সময় বাসা-বাড়ি ও বিপণিবিতানে চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনা রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নতুন নতুন কৌশল গ্রহণ ও বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।
রিপোর্টারের নাম 









