রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের একটি ওয়াগন বিচ্ছিন্ন হয়ে ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিয়েছে। এতে একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্র, একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত হয়। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী, গোয়ালন্দ এবং ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার মনোয়ার হোসেন পাটোয়ারী রয়েছেন। তারা মাহিন্দ্র ও অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রেনটি রেলগেট পার হওয়ার পর গেটম্যান ব্যারিয়ার তুলে দিলে কয়েকটি যানবাহন লাইন পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় ট্রেনের পিছনের চারটি ওয়াগনের সংযোগকারী কাপলিং ছিঁড়ে গিয়ে উল্টোদিকে এসে অপেক্ষমাণ যানবাহনগুলোকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্র ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশের খাদে চলে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রিপোর্টারের নাম 




















