ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো মুখ খুলেছেন। তার মতে, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণ বিদ্যমান ছিল। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলার সময় ভারতীয় ক্রীড়া সাংবাদিক বরিয়া মজুমদারের ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
মিরাজ বলেন, ‘আমি মনে করি এটি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।’ তিনি আরও জানান, প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার এবং অনেক তরুণ ক্রিকেটারেরও সেই সুযোগ পাওয়ার আশা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি।
বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলছেন মিরাজ। সেখানে ভারতীয় ক্রীড়া সাংবাদিক বরিয়া মজুমদারের ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ, ভারত সিরিজ, নেতৃত্ব এবং বাংলাদেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
ভারত সফর ও ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়েও আশাবাদী মিরাজ। তিনি বলেন, ‘আমরা এই সিরিজ নিয়ে খুবই রোমাঞ্চিত। অনেক দিন পর ভারতের বিপক্ষে খেলব। তারা শক্তিশালী দল, তবে নিজেদের মাঠে ভালো ক্রিকেট খেলতে আমরা মুখিয়ে আছি।’ ভারতে খেলতে ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলেন কি না— এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘হ্যাঁ, সবাই ভারতে গিয়ে খেলতে চায়।’
সাক্ষাৎকারে উঠে আসে ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় ওয়ানডে জয়ের প্রসঙ্গও। সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতানোর স্মৃতি মনে করে মিরাজ বলেন, ‘ওই মুহূর্তটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলোর একটি। আমরা শুধু ইতিবাচক থেকে এক বল করে এগোতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত সেটি স্মরণীয় এক জয় হয়ে যায়।’
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণ নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। মিরাজ বলেন, ‘তামিম ভাই দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। আমি মনে করি, বিসিবিকে নেতৃত্ব দেওয়া তার জন্য দারুণ একটি সুযোগ। তিনি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি।’
রিপোর্টারের নাম 
























