বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত সরকার তার প্রথম কার্যদিবসেই জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি আনুষ্ঠানিক ফেসবুক পেজ উদ্বোধন করা হয়েছে, যার লক্ষ্য সরকারের সকল কার্যক্রম ও আপডেট দ্রুততার সঙ্গে জনসম্মুখে তুলে ধরা।
‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে যাত্রা শুরু করা এই পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। সরকারের নীতি, সিদ্ধান্ত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দিতে এই প্ল্যাটফর্মটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত সরকারের প্রথম কার্যদিবসেই এই পেজটি চালু করা হলো। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং বিকেলে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হয়। একই দিন রাতে গেজেট জারির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বিলুপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে আজ সকাল ১০টার দিকে পূর্ববর্তী ‘Chief Advisor GOB’ ফেসবুক পেজ থেকে এক পোস্টে ঘোষণা দেওয়া হয় যে, এখন থেকে ওই পেজটির সকল কার্যক্রম বন্ধ থাকবে। নতুন এই অফিসিয়াল পেজের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রচেষ্টা শুরু করলো।
রিপোর্টারের নাম 









