দেশের বর্তমান শিক্ষা কারিকুলাম পরিবর্তন না করে বরং গভীরভাবে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। নতুন সরকারের প্রথম কর্মদিবসে বুধবার (ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘কারিকুলাম চেঞ্জ নয় রিভিউ হবে।’ এর মধ্য দিয়ে নতুন শিক্ষাক্রমের ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটল।
নিজের পূর্ববর্তী অভিজ্ঞতার কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী ২০০১ সালে বিএনপি-জামায়াতে ইসলামী জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন শিক্ষাখাতের সফলতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সে সময় নকল প্রতিরোধ এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা সম্ভব হয়েছিল। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘সেগুলো তো চলেই গিয়েছে, সেগুলোর আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না।’
এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের দিন জাতীয় সংসদে প্রবেশের সময় শিক্ষামন্ত্রীর লোহার বাউন্ডারির ওপর দিয়ে এক প্রকার লাফিয়ে প্রবেশ করার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, শিক্ষাখাতেও কি এমন কোনো ‘লাফ’ দেখা যাবে? এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী হাসিমুখে বলেন, ‘হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাইজাম্প না পোল ভল্ট জাম্প দিতে হবে, এটাই আমি বিশ্বাস করি।’ শিক্ষাখাতে দ্রুত ও কার্যকর পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি তার এই প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 



















