দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক নতুন দিগন্তে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, আইসিটি খাতের মূলমন্ত্র হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, আইসিটি খাত দেশের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় ক্ষেত্র। সরকার কর্তৃক নির্ধারিত নীতিমালা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য। তিনি দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করার ওপর জোর দেন। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
ফকির মাহবুব আনাম আরও বলেন, নবগঠিত সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায়। প্রধানমন্ত্রীও কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা হবে। একটি নতুন ভিশন ও নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নেওয়াই হবে তার মূল লক্ষ্য। এ কাজে তিনি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, আইসিটি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। তিনি বিভাগের বিভিন্ন সফল উদ্যোগের কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে আইসিটি আইন ও নীতি প্রণয়ন, অত্যাধুনিক ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ৪৫০টিরও বেশি ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগকে সহায়তা, সাইবার নিরাপত্তা জোরদার এবং দক্ষ জনবল তৈরি। সচিব মন্ত্রীর দিকনির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারের নীতিমালা বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















