রাজধানীর উত্তরায় অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উত্তরার ১৪ নম্বর সেক্টরের খেলার মাঠে এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, সুশৃঙ্খল ডিসপ্লে এবং বৈচিত্র্যময় ইভেন্ট গ্যালারিতে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিভিন্ন নামী শিক্ষা ও মূল্যায়ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব গোলাম মোস্তফা বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ থাকতে পারে না। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং দলগত সংহতির গুণাবলি বিকশিত হয়।” তিনি প্রতিষ্ঠানের শিক্ষার মান ও নৈতিক মূল্যবোধের চর্চাকে আরও সুসংহত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য কেবল বিনোদন নয়, বরং এটি শৃঙ্খলা ও অধ্যবসায় শেখার একটি বাস্তব প্ল্যাটফর্ম। আমরা এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি ইসলামিক মূল্যবোধের সমন্বয় ঘটবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আহমেদ, পিয়ারসনের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন লিটন ও জান্নাতুল ফেরদৌস সিগমা, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা এবং অক্সফোর্ড এ কিউ এ-এর কান্ট্রি ডিরেক্টর মো. শাহিন রেজা। বক্তারা বিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক পরিবেশ ও শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার প্রশংসা করেন।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ প্রায় ১,৭০০ জনের সমাগম ঘটে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৯৫টি ক্রীড়া ইভেন্টের পাশাপাশি অভিভাবকদের জন্য ছিল ‘যেমন খুশি তেমন সাজো’, দড়ি টানাটানি এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। পুরো আয়োজনটি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক চমৎকার মেলবন্ধন তৈরি করে।
অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও তদারকির দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও কনভেনর জনাব আব্দুল বাসির এবং মেম্বার সেক্রেটারি ফারহান আলীম। তাদের দক্ষ ব্যবস্থাপনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। আব্দুল বাসির তার সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখা হবে।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। স্কুল কর্তৃপক্ষের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 






















