সুনামগঞ্জে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমনদোজ্জা আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সরব হয়েছে জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখা। সোমবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হামলাকে সুপরিকল্পিত রাজনৈতিক হামলা আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, সন্ত্রাস ও দমননীতির মাধ্যমে আন্দোলনকারীদের কণ্ঠরোধ করা যাবে না এবং প্রয়োজনে রাজপথে নামতে বাধ্য হবে সংগঠন।
সোমবার সকাল সাড়ে ১১টায় জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব রিদওয়ানুল হক নিহাল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০টার দিকে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুবশক্তির সংগঠক ও সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ইমনদোজ্জার ওপর হামলা চালানো হয়।
রিদওয়ানুল হক নিহাল বলেন, এটি কোনো ব্যক্তিগত বিরোধ নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি হামলা। এর পেছনে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আন্দোলনকারীদের দমানো যাবে না; বরং এতে আন্দোলন আরও বেগবান হবে।
সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি শহরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, ঘটনাটিকে ব্যক্তিগত বিরোধ হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়; এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হামলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জিসান আহমদ রাহি, জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব শবনমদ্দোজা জ্যোতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমদ শিহাব এবং ছাত্রশক্তির বিশ্বম্ভরপুর উপজেলা আহ্বায়ক শরীফ হোসাইন মিজান প্রমুখ।
রিপোর্টারের নাম 





















