এশিয়ান কাপের মঞ্চে আজ এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের এই ঐতিহাসিক মিশন। দেশের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো নারী দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার গৌরব অর্জন করেছে। বড় এই আসরে দলের ফুটবলারদের কাছ থেকে সেরা পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
বর্তমানে দলের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন বাফুফে সভাপতি। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নারী দলের এই অর্জনকে অনন্য উচ্চতায় স্থান দেন। তাবিথ আউয়াল বলেন, “আমরা ইতিমধ্যে ইতিহাস গড়েছি। আশা করছি, আজকের ম্যাচে আমরা আরও একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে পারব। দেশের নারী কিংবা পুরুষ—কোনো ফুটবল দলই এর আগে এত বড় এবং শীর্ষ পর্যায়ের আসরে খেলার সুযোগ পায়নি। বিশেষ করে আমাদের মেয়েরা র্যাংকিংয়ে যে দ্রুতগতিতে উন্নতি করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।”
প্রতিপক্ষ চীনের শক্তিমত্তা সম্পর্কে সচেতন তাবিথ আউয়াল। চীন নিয়মিত বিশ্বকাপ খেলা একটি দল হলেও বাংলাদেশের মেয়েদের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। সভাপতির মতে, আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলে চীনের বিপক্ষে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়া সম্ভব। দলের ফুটবলারদের উদ্দেশে তিনি জানান, তিনি নিজে এখানে কোনো পদাধিকারী হিসেবে নন, বরং একজন একনিষ্ঠ ভক্ত হিসেবে উপস্থিত হয়েছেন।
তাবিথ আউয়াল আরও বলেন, “আমি এবং প্রায় ১৫-২০ জন সাংবাদিক ভাই সিডনিতে এসেছি কেবল তাদের খেলা দেখার জন্য। এছাড়া স্থানীয় প্রায় ৩০০ বাঙালি দর্শক মাঠে এসে দলকে সমর্থন দেবেন। ফুটবলের প্রতি ভালোবাসা এবং এই দলের ওপর গভীর বিশ্বাস না থাকলে আমরা এত দূর আসতাম না। প্রতিটি খেলোয়াড়ের ওপর আমাদের পূর্ণ ভরসা আছে। তাই তাদের প্রতি আমার একটাই আহ্বান—মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দাও।”
রিপোর্টারের নাম 























