মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে সৃষ্ট উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে ছয়টি দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাসগুলো। সামরিক স্থাপনা থেকে দূরে থাকা এবং প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে প্রবাসীদের জন্য জরুরি হটলাইন নম্বরও চালু করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়ার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করেছে। এই পরিস্থিতিতে শনিবার পৃথক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের সুরক্ষায় একাধিক নির্দেশনা দিয়েছে দূতাবাসগুলো। এরমধ্যেই কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা সংঘাতের ভয়াবহতা তুলে ধরেছে।
আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো তাদের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলার এবং নিজ নিজ বাসস্থানে অথবা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে। দূতাবাসগুলো জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো প্রয়োজনে প্রবাসীরা যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেজন্য প্রতিটি দেশে হটলাইন চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশগুলোর আইন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্থানীয় সরকারের দেওয়া বিবৃতি বা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষভাবে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে। কারণ, এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা অথবা ভিত্তিহীন কোনো সংবাদ প্রচার করা আমিরাতের প্রচলিত আইনের পরিপন্থী।
আবুধাবীর দূতাবাস আরও জানিয়েছে, বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বিশেষ করে খোলা আকাশের নিচে বা জনসমাগমস্থলে না যাওয়া উচিত। যেকোনো জরুরি পরিস্থিতির জন্য নগদ টাকা, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাসীদের জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট দূতাবাস ও কনস্যুলেটগুলোর হটলাইন নম্বর ও ইমেইল ঠিকানা নিচে দেওয়া হলো:
সংযুক্ত আরব আমিরাত:
আবুধাবীতে যোগাযোগের হটলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২ এবং +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd
দুবাই কনস্যুলেটের হটলাইন নম্বর: +৯৭১ ৫০৮১৬৮২৫৩ ও +৯৭১৫০৮১৬৮৩৬৩। ইমেইল: mission.dubai@mofa.gov.bd
ইরাক:
জরুরি প্রয়োজনে বাংলাদেশ হটলাইন: +৯৬৪ ৭৮২৭৮৮৩৬৮০ (হোয়াটসঅ্যাপ)। ইমেইল: mission.baghdad@mofa.gov.bd
কুয়েত:
দূতাবাসের হটলাইন নম্বরসমূহ: +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ এবং +৯৬৫ ৫০৮৯৫১৬১। ইমেইল: mission.kuwait@mofa.gov.bd
বাহরাইন:
মানামায় বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫। ইমেইল: mission.manama@mofa.gov.bd
রিপোর্টারের নাম 



















