জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন করে সংগ্রাম শুরুর ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আদালতকে দলীয় এজেন্ডার হাতিয়ার বানানোর পরিণতি ভয়াবহ হবে। সোমবার চট্টগ্রামের পাঁচলাইশে কিং অব চিটাগাং কনভেনশন সেন্টারে এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, “আমাদের লড়াই এখনও শেষ হয়নি। বিচার সংস্কার, দুর্নীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন করে সংগ্রাম শুরু করতে হবে।” তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের গণরায়ের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হলেও, সেই রায়কে বাতিল করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। তার মতে, আদালতকে আবারও দলীয়করণের অপচেষ্টা চালানো হচ্ছে।
আদালতকে দলীয়করণের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, আদালতকে দলীয় এজেন্ডার হাতিয়ার বানানোর পরিণতি ভয়াবহ হবে। অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই পথেই পতনের দিকে গিয়েছিল।” তিনি বর্তমান সরকারের প্রতি স্পষ্ট দাবি জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জনগণের রায়ের ওপর দাঁড়িয়েই যেন নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়।
চট্টগ্রামের স্থানীয় পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে এখানে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু ঢাকাকেন্দ্রিক নেতৃত্বে এই লড়াই সফল হবে না। চট্টগ্রামের সাধারণ মানুষ, ছোট ও মাঝারি ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে, যাতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর এই শহরে ঠাঁই না হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামসহ স্থানীয় এগারো দলের শীর্ষ নেতারা।
রিপোর্টারের নাম 






















