সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে ‘তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) নগরীর তালতলাস্থ একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস হলো রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই পবিত্র মাসেই মহান আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন এবং ইসলামের ইতিহাসে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাই রমজানের প্রকৃত শিক্ষাকে ধারণ করে একটি ইনসাফপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গাফফারের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এবং সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ এবং জ্যেষ্ঠ সাংবাদিক খালেদ আহমদ।
ইফতার মাহফিলে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আলম, জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টির মহানগর সভাপতি খালেদ আহমদ, এলডিপি জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন এবং নেজামে ইসলাম পার্টির মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক। এছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 





















