নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম তাঁর নির্বাচনী এলাকাকে দুর্নীতি ও অনিয়মমুক্ত এক আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজে যেমন কোনো দুর্নীতির সঙ্গে জড়াবেন না, তেমনি অন্য কাউকেও অনিয়ম করার সুযোগ দেবেন না।
সোমবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অতীতের নানা অনিয়মের প্রসঙ্গ টেনে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “বিগত সময়ে আমরা দেখেছি ডিও লেটার (আধা-সরকারি পত্র) নিয়ে বাণিজ্য হয়েছে। আমি সেই সংস্কৃতির অবসান ঘটাতে চাই। আমি ইতিমধ্যে সবাইকে ডিও লেটার ও সিল সরবরাহ করেছি, আমি শুধু সেখানে স্বাক্ষর করবো। জনস্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”
কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলাকে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে সাজানোর পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, সবার সম্মিলিত সহযোগিতা পেলে এই দুই উপজেলাকে আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা সম্ভব হবে। তিনি এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুর রশিদ শাহ্-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, নীলফামারী জেলা এলডিপির সভাপতি নুরুল আসলাম বসুনিয়া এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদী, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি হাফেজ মো. শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম ও সাব্বির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রিপোর্টারের নাম 





















